গড়িয়ায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার একই পরিবারের তিন সদস্যের দেহ

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৩ জানুয়ারি: বন্ধ ফ্ল্যাট থেকে একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া এলাকায়। রাজপুর- সোনারপুর পুরসভার পার্ক ৮৪-র বহুতল আবাসনের তিনতলার ঘর থেকেই তিনজনের দেহ উদ্ধার হয়।

মৃতদের নাম স্বপন মৈত্র(৭৫), অপর্ণা মৈত্র(৬৮) এবং সুমন রাজ মৈত্র(৩৯)। মূলত বাড়িতেই থাকতেন সকলে। কেউই সেরকম কোনো কাজ করতেন না। স্বপন ও অপর্ণার ছেলে সুমন। গত ২৮ তারিখ পরিবারের বাকি সদস্যের সাথে ফোনে শেষ কথা হয়। সকলে ভীষণ মিশুকে ছিলেন বলেই দাবি প্রতিবেশীদের। গত কয়েকদিন ধরে তাঁদের কেউই দেখতে পাচ্ছিলেন না। বুধবার সকালে প্রতিবেশী ফ্ল্যাটের সদস্যরা পচা গন্ধ পান। গন্ধের প্রকোপ তীব্রতর হতে এবং স্বপন অপর্ণার ফ্ল্যাট সন্দেহজনক ভাবে বন্ধ থাকায় প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

কিভাবে মৃত্যু হল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তিনজনেই আত্মহত্যা করেছেন। তবে সঠিক কী কারণে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *