দিঘায় সমুদ্রে নিখোঁজ দুই পর্যটকের এক জনের মৃতদেহ উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: দিঘাতে বেড়াতে আসা যে দু’জন পর্যটক শনিবার দুপুরে সমুদ্রে নেমে নিখোঁজ হয়েছিল তাদের মধ্যে অভ্রদীপ বাগড়িয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। অভ্রদীপ বাগড়িয়া (২২) এবং দেবর্ষি সিংহ (২৩) নামে ওই দুজন পর্যটক শনিবার সমুদ্রের জলে তলিয়ে যায়। আরও কয়েকজন যুবক একসঙ্গে তারা মধ্যমগ্রাম থেকে দিঘায় এসেছিল। রবিবার সকালে আবহাওয়া খারাপ এবং সমুদ্র উত্তাল থাকায় গোটা দিঘা জুড়ে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। অগত্যা রবিবার বেলার দিকে দিঘা থেকে ওড়িশার তালসারিতে গিয়ে সমুদ্র স্নানের বাসনায় জলে নামে মধ্যমগ্রামের ওই যুবক পর্যটকরা। তারপরেই জলের তোড়ে দু’জন নিখোঁজ হয়ে যায়। তাদের মধ্যে আজ তালসারি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সৈকত থেকে অভ্রদীপের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে ওড়িশা প্রশাসন সূত্রে জানাগেছে।

গতকালই নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে ওড়িশার কোস্টাল এলাকায় জোরদার তল্লাশি শুরু হয়। আজ সকাল পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে অভ্রদীপের মৃতদেহ উদ্ধার হয়। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের ৮ জনের পর্যটক দলটি রবিবার ওল্ড দিঘার একটি হোটেলে এসে উঠেছিল।  শনিবার থেকেই দিঘার সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা থাকায় পর্যটকরা কার্যত হতাশ হয়ে পড়ে। রবিবার আরও কড়া সিদ্ধান্তের কথা জানায় প্রশাসন। নতুন করে পর্যটকদের হোটেলে ঢুকতে নিষেধ করা হয়। এছাড়াও যারা ইতিমধ্যে দিঘায় হাজির হয়েছেন তাঁদেরও দ্রুত দিঘা থেকে চলে যাওয়ার জন্য প্রশাসন নির্দেশ জারি করে। তারই মধ্যে ওই পর্যটকেরা তালসারিতে গিয়ে সমুদ্র স্নানে নামে এবং দু’জন জলের তোড়ে নিখোঁজ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *