সাথী দাস, পুরুলিয়া, ১৩ জুন: বিহারের পাটনায় ফুল বিক্রি করতে গিয়ে বজ্রাঘাতে মৃতদের দেহ পৌঁছল পুরুলিয়ার বলরামপুরের বাড়িতে। দেহ পৌঁছতেই
শোকস্তব্ধ হয়ে যায় বস্তি এলাকা।
শুক্রবার বিহারের পাটনা জেলার ফতুয়া নামক রেল স্টেশন এলাকায় স্থানীয় নালন্দা মেডিকেল কলেজ হসপিটালে ময়না তদন্তের পর রবিবার চারটি দেহ বলরামপুর পাঁড়কিডি এলাকায় এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে বানজারা বস্তিতে। মৃতদের মধ্যে রয়েছে তিন কন্যা সন্তানের মা সহ এক অন্তঃসত্ত্বা মহিলা, এক শিশুকন্যা ও দুই যুবক।মৃতদের নাম যমুনা সিং(৪৫), কানাইয়া সিং (১৮), কৌশল দেবী( ৩৫), সরস্বতী দেবী (১০)।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, কয়েকদিন আগে এই চারজন সহ আরও অনেকে বলরামপুর থেকে ট্রেনে করে পাটনার ফতুয়া এলাকায় যান। শুক্রবার সেখানে পৌঁছন তাঁরা। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য স্টেশনের কাছে একটি গাছতলায় আশ্রয় নেন তাঁরা। বৃষ্টির সঙ্গে দুপুর বেলা বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মারা যান চারজন এবং আহত হয়েছে দু’জন। বলরামপুরে পরিবারের লোকজন খবর পেয়ে দেহ আনতে যান বিহারে। রবিবার সেখান থেকে চারটি দেহ দুটি অ্যাম্বুল্যান্সে করে নিয়ে এসে সৎকার সম্পন্ন করেন বানজারা সম্প্রদায়ের মানুষজন। ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে পাঁড়কিডি এলাকায়।
সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুরুলিয়া জেলা পুলিশ। বজ্রাঘাতে মৃতদের পরিবারের হাতে আর্থিকভাবে সাহায্য করে জেলা পুলিশ। রবিবার বিকেলে বলরামপুর পাঁড়কিডি গ্রামের বানজারাদের বসতি এলাকায় যান বলরামপুরের সার্কেল ইন্সপেক্টর পার্থ সারথি সিংহ সহ বলরামপুর থানার ওসি সুদীপ হাজরা। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তাঁরা।

