সাথী দাস, পুরুলিয়া, ৭ আগস্ট: পুরুলিয়া শহরের একটি আবাসন থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মৃতদেহ। পুরুলিয়া শহরের সাহেব বাঁধের কাছে একটি আবাসন থেকে দেহ দুটি উদ্ধার করে পুরুলিয়া সদর থানার পুলিশ।

স্থানীয়ভাবে জানা গিয়েছে, মৃতদের নাম ক্ষীরোদ সিংহ রায় (৭০) এবং তাঁর স্ত্রী কৃষ্ণা সিংহ রায় (৬৫)। আজ সকালে তাঁদের পরিচারিকা সেখানে গিয়ে দেখেন দরজা খোলা রয়েছে। ভেতরে গিয়ে তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দেহগুলি। বাড়ির মেঝেয় বৃদ্ধের মুখে বালিশ চাপা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। অন্যদিকে, কৃষ্ণা দেবীর দেহে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় পুরুলিয়া সদর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। আপাতত দেহ দুটি ময়না তদন্তে পাঠাচ্ছে পুলিশ।

ক্ষীরোদবাবু আসানসোলের জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন বলে জানা গেছে। তবে অবসর নিয়েছিলেন তিনি। তাঁদের একমাত্র মেয়ে পম্পা সরকার স্বামীর সঙ্গে পুরুলিয়া শহরের সদর পাড়ায় নিজের বাড়িতে থাকেন। খবর পেয়ে তিনিও ছুটে আসেন ঘটনাস্থলে। তিনি জানান, “ফ্ল্যাটে মা ও বাবা দুজনেই থাকতেন। খুব ভালো মানুষ ছিলেন। প্রতিবেশীদের সঙ্গে ছিল খুবই ভালো সম্পর্ক। বাবা মা কে খুন করা হয়েছে। কে বা কারা কী কারণে খুন করেছে বুঝতে পারছি না। কারও সঙ্গেই খারাপ সম্পর্ক ছিল না। আমরা পুলিশের তদন্তের উপর ভরসা করছি।”

ঘটনার খবর পেয়েই তদন্তে যান জেলা পুলিশ সুপার এস সেলভামুরগন, অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত, সদর থানার পুলিশ আধিকারিক দেবাশিস ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান এটি খুনের ঘটনা। ময়নতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলতে চায় না পুলিশ। পরে পুলিশ সুপার জানান, “সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রক্ষী ও দম্পতির প্রতিবেশীদের সঙ্গে কথা বলে সব কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।”

