এসএসসির থেকেই সুপারিশপত্র পেয়েছিল পর্ষদ, অস্বস্তিতে কমিশন

রাজেন রায়, কলকাতা, ১৪ ডিসেম্বর: প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও হয়েছে অবৈধভাবে নিয়োগ। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গ্রুপ ডি ও গ্রুপ সি দুটি ক্ষেত্রেই একই অভিযোগ। মঙ্গলবার গ্রুপ সি সংক্রান্ত এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি।

এ দিন আদালতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এসএসসির থেকে পাওয়া সুপারিশপত্র পেয়েই নিয়োগ করা হয়েছিল। এই হলফনামা দেখে হাইকোর্টের পর্যবেক্ষণ, পর্ষদের এই হলফনামা থেকেই এই নিয়োগ প্রশ্নের মুখে। এই মামলায় আরও একবার সামনে এসেছে রাজ্য সরকারের দুই দফতরের অসামঞ্জস্য। মধ্যশিক্ষা পর্ষদের দাবি, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশেই ওই ৩৫০ জনের চাকরি হয়েছে। কিন্তু কমিশনের দাবি, তারা সুপারিশ করেনি। গ্রুপ ডি-র ক্ষেত্রেও একই ছবি সামনে এসেছিল।

এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে একটি হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাতে গ্রুপ সি’তে কতগুলি পদ ফাঁকা ছিল, কত জনকে নিয়োগ করা হয়েছে, এখনও কত জনের নাম প্যানেলে রয়েছে– এমন সব তথ্য দিতে হবে। পাশাপাশি রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে জেলা স্কুল পরিদর্শকদের কাছে এইসব সুপারিশপত্রের প্রতিলিপি কাদের কাছে থেকে গিয়েছে। এর পরেই এই মামলায় প্রয়োজনীয় নির্দেশ দেবে হাইকোর্ট। ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *