রাজেন রায়, কলকাতা, ২৯ জুন: ভোটের আগে রাজ্য সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ। তাই ভোটের পরে দ্রুত এই প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে পর্ষদ। টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে পুজোর আগেই, মঙ্গলবার বিবৃতি দিয়ে তেমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিঘ্রই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া। যাতে লকডাউন পরবর্তী সময়ে রাজ্যে প্রাথমিক স্কুল গুলিতে শিক্ষক ঘাটতির সমস্যা না থাকে।
পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী ৬ জুলাই টেট কাউন্সেলিংয়ের রুটিন জানিয়ে দেওয়া হবে।
টেট পরীক্ষার চূড়ান্ত ফলপ্রকাশের আগে উত্তরপত্র প্রকাশ করবে পর্ষদ। পুজোর আগেই ফলপ্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পুজোর আগে পরে মিলিয়ে একগুচ্ছ নিয়োগ হবে। সেই মতো স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকাও প্রকাশ করেছিল। কিন্তু এই মেধাতালিকায় মেরিট স্কোরের উল্লেখ না থাকায় নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও সেই দাবি অস্বীকার প্রাথমিক শিক্ষা পর্ষদের। বলা হয়েছে যাবতীয় তথ্যের জন্য চাকরি প্রার্থীদের পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। সেখানেই সব কথা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। মেধার ভিত্তিতে সকল যোগ্য প্রার্থীই নিয়োগপত্র পাবেন।

