পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন: রক্তদান জীবন দান, পাঁচ মিনিট করলে খরচ চারটি জীবন বাঁচে। এই উদ্দ্যেশকে পাথেয় করে গ্ৰীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে পশ্চিম মেদিনীপুর পৌরসভার উদ্যোগে শহরের ২৫টি ওয়ার্ডে গত পয়লা জুন থেকে শুরু হয়েছে রক্তদান কর্মসূচি। যা শেষ হবে আগামী ২৫ জুন। শহরের প্রতিটি ওয়ার্ডে একদিন করে এই কর্মসূচি রাখা হয়েছে।
আজ শহরের ৯ নং ওয়ার্ডে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহাযার্থে রক্তদান কর্মসূচি পালন করা হয় ভগবতী শিশু শিক্ষায়তন প্রাঙ্গনে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, কাউন্সিলর সৌরভ বসু, সত্য পড়িয়া, প্রাক্তন পুলিশ আধিকারিক সীতারাম ব্যানার্জি, সমাজসেবী তীর্থঙ্কর ভকত, শান্তুনু চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। আজকের এই কর্মসূচিতে প্রায় শতাধিক সাধারণ মানুষ রক্তদান করেন।

