আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ ফেব্রুয়ারি: আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮ টি পৌর সভায় নির্বাচন হতে চলেছে। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত পৌর সভার প্রার্থী ঘোষণা করা হয়। সেই প্রার্থী তালিকা অনুযায়ী প্রার্থী পছন্দ না হওয়ায় তার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনার বিভিন্ন পৌর এলাকায়। শুরু হয় পথ অবরোধ, ট্রেন অবরোধ।
খড়দহ পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরই খড়দহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খড়দহ বিটি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। খড়দহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খড়দহ বিটি রোড অবরোধ করার পর তারা খড়দহ স্টেশনে রেল অবরোধ করে। এই অবরোধ ৩০ মিনিট মতো চলে, তারপর তারা অবরোধ তুলে নেন।
নৈহাটি পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুশীল দেবনাথ বহিরাগত। সেই কারণে স্থানীয় লাল্টু ঘোষকে প্রার্থী করার দাবিতে নৈহাটি ফেরিঘাটের সামনে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান।

কামারহাটি পুরসভার জন্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই বেশ কিছু তৃণমূল কর্মীর মনে অসন্তোষ জমে ওঠে। এরপর কামারহাটির বিধায়ক মদন মিত্র যখন কামারহাটি পৌঁছান তাকে ঘিরে তৃণমূল কর্মীরা অসন্তোষ প্রকাশ করে। বিধায়ক মদন মিত্র জানান, কামারহাটি পৌরসভার জন্য সমস্ত তৃণমূল কর্মী টিকিট পাবে এটা কখনোই সম্ভব নয়। শনিবার সকাল হতেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ফের ক্ষোভ শুরু হয় ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুড়ে। সেই সঙ্গে গোবরডাঙ্গা ও অশোকনগর পৌর এলাকাতেও শুরু হয়েছে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। উত্তর ব্যারাকপুর পৌর সভার ২৩ নম্বর ওয়ার্ডে রবিন ভট্টাচার্য’কে তৃণমূলের প্রার্থী করা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয় তৃণমূলের কর্মীদের মধ্যে। তাদের দাবি, ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার দেবাশিস দে’কে প্রার্থী করতে হবে। আর এই দাবিতে ঘোষ পাড়া রোড অবরোধ করে। কিছু দিন আগেই প্রার্থী রবিন ভট্টাচার্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাই তাকে বহিরাগত বলে দীর্ঘক্ষণ অবরোধ করেন তৃণমূল কর্মীরা।
ভাটপাড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অমিত কুমার সাউকে। রাতে তাকে বদল করে তার জায়গায় দেওয়া হয় যুবনেতা তরুণ সাউকে। তা মানতে নারাজ সেখানকার স্থানীয় তৃণমূল নেতা মন্নু সাউ’য়ের অনুগামীরা। আর তাতেই আজ বিক্ষোভ দেখালো তারা।

