জে মাহাতো, মেদিনীপুর, ২০ জুলাই: রাজ্য তথা দেশজুড়ে নিন্দিত পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী সন্ত্রাস বিষয়ে আজ পশ্চিম মেদিনীপুর বিজেপি সাংগঠনিক জেলার উদ্যোগে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় জেলা কার্যালয়ে।

জেলা সভাপতি সৌমেন তেওয়ারি জানান, রাজ্যে ভোট পরবর্তী সময়ে শাসক দলের অত্যাচার ও সন্ত্রাসে আমাদের বহু সমর্থক বলি হয়েছে। মহামান্য আদালতের সৌজন্যে স্বাধীনতার এত বছর পর শাসকদলের অত্যাচারের সুবিচার পেতে চলেছে অত্যাচারিতরা। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে আদালতের কাছে রাজ্যের শাসকদলের অত্যাচারের সুনির্দিষ্ট অভিযোগপত্র দাখিল করেছি। কমিশন আদালতকে দেওয়া রিপোর্টে উল্লেখ করেছে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। আগামী কাল আমরা জেলার প্রতিটি ব্লকে তৃণমূলের ২১ জুলাই শহিদ দিবসের পাল্টা গণতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করব। আমাদের রাজ্যে প্রায় ১৭৫ জন এবং এই জেলায় ৬ জন বিজেপি কর্মী শহিদ হয়েছেন শাসকের অত্যাচারে।
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি অবশ্য বিজেপির এই অভিযোগ মানতে চাননি। তাঁর অভিযোগ, দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিজেপি আগে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর বিবাদ মেটাক তারপর তৃণমূলের কথা ভাববে।

