রণেভঙ্গ দিল বিজেপির বিক্ষুব্ধরা, মেনে নিল রানাঘাটের প্রার্থীকে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৩ মার্চ:
শেষ পর্যন্ত দলের প্রার্থীকে মেনে নিল বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। টানা চার দিন অনশন আন্দোলনের পর গতকাল রাতে তারা রণে ভঙ্গ দেন।

প্রসঙ্গত সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিমের প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায়কে বদলের দাবিতে গত চারদিন ধরে জেলা পার্টি অফিসের সামনে চলছিল অনশন ও বিক্ষোভ। প্রার্থী বদলের দাবিতে গত চারদিন ধরে চলা এই বিক্ষোভে বিজেপির মহিলা কর্মীরাও সামিল হয়েছিলেন। জেলার মূল পার্টি অফিসের গেটে তালা ঝুলিয়ে তার সামনে অনশন বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীদের দাবি তৃণমূল থেকে আসা পার্থসারথি চট্টোপাধ্যায়কে বদল করে বিজেপির যেকোনো পুরনো কর্মীকে প্রার্থী করা হোক। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছিল যতক্ষণ না পর্যন্ত প্রার্থী বদল হচ্ছে তাদের এই অনশন চলতে থাকবে।

রানাঘাট শহর মণ্ডলের যুব সভাপতির শুভঙ্কর সাহা এ প্রসঙ্গে বলেন, রানাঘাট মন্ডল থেকে গত চারদিন ধরে এখানে সবাই প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ অনশন করছে। আমরা যুবরাও এই প্রার্থী বদলের জন্য এগিয়ে এসেছি। আমরা এই প্রার্থীকে মেনে নিতে পারছি না, কারণ তৃণমূলে পৌরপ্রধান থাকার সময় উনি আমাদের ওপর অত্যাচার করেছেন মুড়ি মুড়কির মতন কেস দিয়েছেন। তাই উনি ছাড়া যে কেউ প্রার্থী হোক আমরা মেনে নেব। আমরা প্রায় ৪০/৫০ জন এখানে গত চারদিন ধরে অনশন বিক্ষোভ করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
সোমবার এই অনশন বিক্ষোভকারীদের দাবি শুনতে আসেন নদিয়া দক্ষিনের বিজেপির সভাপতি অশোক চক্রবর্তী সহ দলের উচ্চ নেতৃত্ব। সেখানে এসে তিনি কর্মীদের কথা শোনেন এবং তাদের সাথে কথা বলে অনশন তুলে নিতে বলেন। এরপর আন্দোলনকারীরা রণেভঙ্গ দেন এবং পার্থসারথি চ্যাটার্জিকেই মেনে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *