আমাদের ভারত, ৩ এপ্রিল: ২০২১-এ বাংলা জয়ের লক্ষ্য স্থির করে যুদ্ধে নেমেছিল বঙ্গ বিজেপি। সেই সময় নবান্ন দখলকে লক্ষ্য করেই কমিটিও করেছিলেন তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে গেছে। এরপর সভাপতিও বদল হয়েছে। দায়িত্ব পাওয়ার পর সমস্ত পুরনো কমিটি ভেঙে দেন নতুন সভাপতি। সুকান্ত মজুমদার নতুন করে সেই কমিটির আবার গড়লেন শনিবার। এবার আন্তর্জাতিক বিভাগ সহ একটি নতুন কমিটিও গড়া হয়েছে। জানা যাচ্ছে নতুন এই কমিটিতে জায়গা পেয়েছেন মাস কয়েক আগে পদ হারানো অনেকেই।
সুকান্ত মজুমদার বলেন, যারা বাদ গিয়েছিলেন তারা সকলেই দলের বহুদিনের কর্মী। তাদের অভিজ্ঞতাও প্রচুর। তবে দলের কাজ বহুদিন ধরে করতে গিয়ে নানা পরিবর্তন আসে। তাই তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাদের নতুন দায়িত্বে আনা হলো।
সুকান্ত মজুমদারের নতুন রাজ্য কমিটি ঘোষণার পরে জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসুদের সঙ্গে বাদ গিয়েছিল প্রাক্তন সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিদ্রোহী গোষ্ঠীতে তাকে খুব একটা দেখা যায়নি। সুকান্ত মজুমদারের তৈরী দলের তহবিল সংগ্রহ কমিটির প্রধান দায়িত্ব পেলেন সেই প্রতাপ বন্দ্যোপাধ্যায়। রাজ্য পদাধিকারী কমিটি থেকে বাদ যাওয়ার তুষার মুখোপাধ্যায়, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, সাওয়ার ধনধনিয়ারা পেয়েছেন আলাদা আলাদা বিভিন্ন কমিটির দায়িত্ব।
সেইসঙ্গে এখন সাংগঠনিকভাবে কোনও দায়িত্বে না থাকা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সংসদ দেবশ্রী চৌধুরী পেয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব। রাজ্যের প্রাক্তন সাধারণ সম্পাদক রথীন্দ্র বসুকে সদস্য সংগ্রহ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে এবার নতুন একটি কমিটিও তৈরি করেছে বঙ্গ বিজেপি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নামে সেই কমিটির মাথায় রয়েছেন রজত ভরদ্বাজ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন গত বিধানসভা নির্বাচনের সময় অনাবাসী বাঙালীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করা মার্কিন নিবাসী যুধাজিত সেন মজুমদার।
এই নতুন বিভাগ গঠন প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, অনাবাসীদের সাহায্য নিয়ে দল রাজ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবে। দলের প্রচার থেকে শুরু করে জনমত গঠন ও রাজ্যের উন্নয়ন মূলক কাজে অনাবাসীদের যুক্ত করার কাজ করবে এই নয়া কমিটি। সোশ্যাল মিডিয়ার যুগে তিনি আশাবাদী এই নতুন কমিটি নিজেদের কাজের ছাপ ফেলতে সক্ষম হবে।
শনিবার ঘোষিত কমিটিতে সাংসদ জগন্নাথ সরকার, জ্যোতির্ময় সিং মাহাতো থেকে বিধায়ক মিহির ঘোষরাও জায়গা পেয়েছেন।

