স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ এপ্রিল:
তৃণমূলের পতাকা ও ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ঘটনা শান্তিপুরের ২২ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকার। গতকাল গভীর রাতে এই পতাকা পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় তৃণমূল পতাকা ও ফ্লেক্স লাগিয়েছিল। তৃণমূলের সেই পতাকা ও ফ্লেক্স পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রাতে এই পতাকা ও ফ্লেক্সগুলো বিজেপি পুড়িয়ে দিয়েছে বলে তৃণমূলের অভিযোগ। তৃণমূলের দাবি, গত শুক্রবার বিজেপি কর্মীদের এই এলাকায় একটা পিকনিক হয়েছিল। সেদিন তারা কিছু না করলেও গতকাল তাদেরই লোকজন রাতের অন্ধকারে তৃণমূলের ফ্লেক্স ও পতাকাগুলি খুলে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

শান্তিপুরের সহ তৃণমূল সভাপতি অরবিন্দ মৈত্র বলেন, আমরা সকালে ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম, গতকাল গভীর রাতে আমাদের তৃণমূল প্রার্থী অজয় দে’র পোস্টার-ব্যানার সব বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুলে পুড়িয়ে দিয়েছে। এটাই বিজেপির আসল চরিত্র। বিজেপি শান্তিপুরজুড়ে এক অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে। আসলে বিজেপি আমাদের প্রার্থীকে ভয় পেয়ে এই ধরনের কাজ করছে। কারণ ১৭ তারিখ বিধানসভা ভোটে শান্তিপুরের তৃণমূল প্রার্থী অজয় দে’ই জিতবে তা তারা জেনে গেছে।
শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, আমরা এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নই। ভারতীয় জনতা পার্টি যেখানে আছে সেখানে বুথ দখল হয় না, বিরোধীদলকে মারধরও হয়না। তাদের প্রচার অভিযানেও বাধা দেওয়া হয় না। তৃণমূল বুঝে গেছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই তারা নিজেরাই এটা করে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। আমাদের কিছু কর্মীকে মিথ্যা অভিযুক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে যাতে জেলে ঢোকানো যায় তাই তারা এই কাজ করছে।

