গোপীবল্লভপুরে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ মার্চ:
ভোটের আগে বৃহস্পতিবার রাতে দুই তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১২ .২০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর টিকায়েৎপুর গ্রামে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আহত দুই তৃণমূল কর্মীর নাম কার্তিক সিং ও লম্বুধর বাগ। তৃণমূলের অভিযোগ, পাশের গ্রাম থেকে হরিনাম সংকীর্তন শুনে রাতে বাড়ি ফেরার পরে শৌচকর্ম করার জন্য বাড়ির বাইরে বের হলে এই দুই তৃণমূল কর্মীকে বিজেপির যুব মোর্চার বেশ কয়েকজন কর্মী সমর্থক ব্যাপক মারধার করে। এই দুই ব্যক্তির দাবি তারা তৃণমূল করে বলে তাদের মারধর করা হয়েছে। রাতেই থানাতে অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে গোপীবল্লভপুর এক নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ বলেন, “হরিনাম সংকীর্তন মেলা সেরে ফেরার পথে বিজেপির লোকজন বাইরে থেকে লোক নিয়ে আমাদের কর্মীদের মারধর করে। তৃণমূল করে বলে ওদের মারা হয়েছে।” অন্যদিকে ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবনী ঘোষ বলেন, “তৃণমূলের লোকজন আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছিল। গ্রামের লোকজন ওদের তাড়া করে। তৃণমূলের নিজেদের দোষ ঢাকতে বিজেপিকে দোষারোপ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *