কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর নিদান দেওয়ায় মমতার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি

আমাদের ভারত, কলকাতা, ৭ এপ্রিল: কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করা নিয়ে মমতার বক্তব্যের ভিডিও নিয়ে কমিশনে বিজেপি। বুধবার বিজেপি নেতা শিশির বাজোরিয়ার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল কমিশনে যায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা দেওয়ার আর্জি জানায় রাজ্য বিজেপি।

কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। তারা নিরপেক্ষ নয়। তিনদফার ভোট মোটের উপর শান্তিতে হয়েছে। চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী গন্ডগোল করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল, সুপ্রিমো। এরপরই তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী গন্ডগোল করলেই মহিলারা ঘিরে ধরবেন। যাতে তারা অশান্তি তৈরি করতে না পারেন।

কোচবিহারের জনসভায় মমতার এই বক্তব্যের পর আসরে নামে বিজেপি। একদিকে রাজনৈতিক আক্রমণ। অন্যদিকে কমিশনের দ্বারস্থ গেরুয়া শিবির। বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, উনি এই কথা কখনই বলতে পারেন না। এমন কথা বলে তৃণমূল সুপ্রিমো আসলে বললেন আপনারা লুট করুন। ভোট লুট করার আগে মহিলারা বাহিনীকে ঘিরে রাখবে।

তৃতীয় দফার ভোট মোটামুটি শান্তিতেই হয়েছে। বিজেপি চায় চতুর্থ দফার ভোট যেন শান্তিতে হয়। কিন্তু কেয়ারটেকার মুখ্যমন্ত্রী সেই রাস্তায় হাঁটতে চাইছেন না। আমরা কমিশনকে বলেছি কড়া ব্যবস্থা নিতে জানান বিজেপি নেতা শিশির বাজোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *