সাথী দাস, পুরুলিয়া, ১৫ জুলাই: রাজ্যে ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ তুলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ দেখাল পুরুলিয়া জেলা বিজেপি। বুধবার রাঁচি রোডে অবস্থিত ওই সরকারি দফতরের সামনে দলীয় ওই কর্মসূচি হয়।
নির্বাচনের পর বিজেপিকে কোনও আন্দোলন করতে দেখা যায়নি। বিজেপির অভিযোগ, সন্ত্রাস সৃষ্টি করে তাদের কর্মীদের ঘরছাড়া করা হয়েছে, বহু কর্মীকে মারধর করা হয়েছে। এমনকি তাদের মিটিং মিছিলের অনুমতিও দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে আবার ধীরে ধীরে বিজেপি যে ঘুরে দাঁড়াচ্ছে রাজ্যজুড়ে এদিনের এই কর্মসূচিতে সেটা পরিষ্কার হয়ে গেছে।
ভ্যাক্সিন দুর্নীতি নিয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অভিযোগ, “কেন্দ্র সরকার রাজ্যের চাহিদা মতো ভ্যাকসিন সরবরাহ করলেও তৃণমূলের সহযোগিতায় ঘুরপথে বিক্রি করা হচ্ছে। এই দুর্নীতি নিয়ে গোটা রাজ্যের সাথে পুরুলিয়া জেলাতেও আন্দোলনে নেমেছে বিজেপি।”
এ বিষয়ে সহকারী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক–২ ডা. স্বপন সরকার জানান, “জেলায় চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের যোগান কম রয়েছে। তাই এই মুহূর্তে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। ভ্যাকসিন এলেই প্রথম ডোজ দেওয়া শুরু হবে।” তবে পুরুলিয়ায় ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ সম্পূর্ন ভাবে অস্বীকার করেছেন তিনি।

আজ দলীয় এই কর্মসূচীতে সাংসদ জ্যোতির্ময় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ জেলার বিধায়ক ও নেতাকর্মীরা।

