দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদ জানিয়ে পুরুলিয়া থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ৮ এপ্রিল: দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। আজ পুরুলিয়া জেলার বিভিন্ন থানার বাইরে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি। পুরুলিয়া সদর থানার সামনে প্রতিবাদে সামিল হন বিজেপি নেতা কর্মী ও সমর্থকেরা। থানার সামনেই বসে পড়েন তারা। অভিযোগ, বার বার বিজেপি রাজ্য সভাপতির উপর হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। কোথাও আধ ঘণ্টা কোথাও একটু বেশি সময় ধরে এই কর্মসূচি চলে। আজ সদর থানায় দলীয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরুলিয়া উত্তর শহর মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী। তিনি বলেন, “বারবার এভাবে হামলা চালিয়ে বিজেপিকে রোখা যাবে না। আর মাত্র সময়ের অপেক্ষা। বিজেপিকেই রাজ্যের মানুষ ক্ষমতায় আনছেন।”

প্রসঙ্গত, বুধবার কোচবিহারের শীতলকুচি থেকে সভা করে ফেরার পথে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার ঘটনা ঘটে। তাঁর গাড়িতে বোমা ও পাথর ছোড়ার ঘটনা ঘটে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *