আমাদের ভারত, ১০ এপ্রিল:হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার বনধের ডাক দিলো বিজেপি। হাঁসখালি থানা এলাকায় এই বনধের ডাক দিয়েছে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। ওই দিন বিজেপির এক প্রতিনিধি দল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাবে বলেও জানা গেছে।
নদীয়ার হাঁসখালিতে নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। ধর্ষণের পরের দিন মৃত্যু হয় নাবালিকার। থানায় না জানাতে নাবালিকার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে ধর্ষণ করা হয় পরে অধিক রক্তপাতে তার মৃত্যু হয়। নাবালিকার এই পরিণতি মানতে পারেনি নির্যাতিতার পরিবার। তাদের দাবি সোমবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের আমন্ত্রণে তাদের বাড়িতে যায় নাবালিকা। জন্মদিনের পার্টিতেই নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর অপরিচিত এক মহিলাকে দিয়ে নাবালিকাকে বাড়িতে পাঠিয়ে দেয় অভিযুক্ত। অত্যধিক রক্তপাতের ফলে পরেরদিন ভোরে মৃত্যু হয় নাবালিকা।
অভিযুক্ত তৃণমূল নেতার ছেলের সাথে আলাপ ছিল ওই নাবালিকার। সেই সূত্রেই ছেলের জন্মদিনের পার্টিতে গিয়েছিলো সে। শনিবার তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার।

