সাথী দাস, পুরুলিয়া, ১২ আগস্ট: ভোট পরবর্তী সময়ে রাজ্যজুড়ে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে পুরুলিয়ায় “আইন অমান্য আন্দোলন”-এ নামলো বিজেপি মহিলা মোর্চা। আজ পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান মোর্চার মহিলা নেতা কর্মী ও সমর্থকেরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্বেও রাজ্যে নারীদের কোনও সুরক্ষা নেই। দিকে দিকে নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা। অথচ সক্রিয় ভূমিকা পালন করছে না পুলিশ প্রশাসন। তাই সারা রাজ্যের সাথে পুরুলিয়া জেলাতেও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আন্দোলনে সরব হয়েছে বিজেপি।

এদিনের কর্মসূচির নেতৃত্বে থাকা মহিলা মোর্চার জেলা সভানেত্রী কাবেরী চ্যাটার্জি বলেন, “বিধানসভা নির্বাচনের পর থেকে বিশেষ করে বিজেপি করার জন্য কর্মীদের স্ত্রী ও মহিলা সদস্যদের উপর অত্যাচার করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমরা দেখেছি বিজেপি মহিলা কর্মীদের উপর নির্যাতন করতে। সেই ঘটনাতে যারা অভিযুক্ত তাঁদের গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা।”

