কেন্দ্রীয় বাহিনী পরিচালনায় থানার উপর ভরসা নেই ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাহিনী পরিচালনায় রাজ্য পুলিশের ভূমিকার বিরোধিতায় নামল বিজেপি। থানার উপর তাঁদের ভরসা নেই, তাই থানাগুলি যাতে কেন্দ্রীয় বাহিনী পরিচালনা করতে না পারে সেই দাবি জানাল তারা। আজ বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিশেষ সূত্রে জানাগেছে, এবার নজিরবিহিন ভাবে কেন্দ্রীর বাহিনী পরিচালনার জন্য আলাদা কমিটি গঠন করছে নির্বাচন কমিশন।

ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। বিগত দিনে নির্বাচনে দেখা গেছে রাজ্যের অধিনস্থ থানাগুলি কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ন্ত্রণ করে। তবে এবার কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনার জন্য রাজ্যের অধিনস্থ থানার উপর ভরসা করছে না ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। তাঁরা চাইছে কেন্দ্রীয় বাহিনী স্বাধীন ভাবে কাজ করুক।

ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য সাংবাদিকদের বললেন, “রাজ্যপাল যেভাবে বলেছেন সেই ভাবে চলতে হবে যাতে রাজ্যবাসীর গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকে।”
পাশাপাশি তিনি একথাও বলেন, আমরা কেন্দ্রীয় বাহিনীর ভরসায় নির্বাচন লড়ছি না। মানুষের মনে সাহস যোগাতে কেন্দ্রীয় বাহিনী এসে। মানুষ যাতে বাক স্বাধীনতা পায়, ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্যই কেন্দ্রীয় বাহিনী। আমরা আমাদের সংগঠনের জোরেই লড়ব।

তবে, নির্বাচন কনিশন সূত্রে জানাগেছে কেন্দ্রীয় বাহিনী পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করা হচ্ছে। ওই কমিটিই কেন্দ্রীয় বাহিনী পরিচালনা করবে। জানা গেছে তিন সদস্যের কমিটি হবে। সেই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার, রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর রাজ্য কো–অর্ডিনেটর। এটা একটা নজিরবিহীন ঘটনা বলে মত বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *