সুশান্ত ঘোষ, বনগাঁ, ৩০ মে: কোভিড আক্রান্ত রোগীদের বাড়িতে দুপুরের খাবার পৌঁছে দিলেন উত্তর ২৪ পরগনার বনগাঁর ভারতীয় জনতা পার্টির কর্মীরা। বনগাঁ উত্তর মন্ডলের সভাপতি শোভন বৈদ্যের নেতৃত্বে এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। বাড়িতে বসেই দুপুরের খাবার পেয়ে খুশি বনগাঁ শহরের কোভিড আক্রান্তরা। শুধু করোনা আক্রান্ত রোগীই নয়, ভবঘুরেদেরও পাতপেড়ে খাবার দিচ্ছে বিজেপি।
মন্ডল সভাপতি শোভন বৈদ্যের এই উদ্যোগে হাতেহাত মিলিয়ে যোগ দিলেন বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সহ বিভিন্ন নেতা কর্মীরা। বিজেপি নেতা শোভন বৈদ্য জানিয়েছেন, শুধু মধ্যাহ্নভোজের খাবার নয়, রাতের খাবারও বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। বনগাঁ বিধানসভায় বিজেপি জয়ী হওয়ার পর থেকে বনগাঁ উত্তর মণ্ডল সভাপতি শোভন বৈদ্য একেরপর এক জনকল্যাণকর কাজ করে চলেছেন। করোনার শুরু থেকে বনগাঁ এলাকায় সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন।
শোভন বৈদ্য জানান, বনগাঁ বিধানসভা এলাকার মানুষের পরিষেবা দেওয়াই ভারতীয় জনতা পার্টি প্রধান কাজ। সেই হিসেবে যতটুকু সম্ভব মানুষের হয়ে কাজ করার চেষ্টা করছে বিজেপি। কোভিড আক্রান্ত পরিবারগুলির রান্না করে খাওয়ার মতো অবস্থায় নেই। সেই কারণে তাঁদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। শুধু দুপুরের খাবারই নয়, তাঁদের রাতের খাবারও বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে শোভনবাবু।

