আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৩ মার্চ: সোনার বাংলা গড়ার লক্ষ্যে এবার বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তা রাজ্য নেতৃত্বের কাছে পৌছে দিতে উদ্যোগী হল বিজেপি নেতৃত্ব। বুধবার সেই লক্ষ্যে আলিপুরদুয়ার জংশনের শিতলা কলোনী, রবীন্দ্র কলোনী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিজেপির বিদায়ী বিধায়ক মনোজ টিজ্ঞা সহ জেলা নেতৃত্ব পোষ্ট কার্ড বিতরণ করেন। এলাকায় কি কি সমস্যা রয়েছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ সেই কার্ডে লিখে সাধারণ মানুষজন বিধায়কের কাছে রাখা নির্দিষ্ট বাক্সেও ফেলে দেন।
উল্লেখ্য, রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশে জেলা বিজেপির পক্ষে বুধবার থেকে আলিপুরদুয়ার বিধানসভা এলাকায় শুরু হয়েছে এই পোষ্ট কার্ড বিলি। একইসাথে সাধারণ মানুষও স্বতফূর্তভাবে এগিয়ে এসেছে বিজেপির এই কার্যক্রমে। তারাও তাদের সমস্যা তুলে ধরেন বিজেপি নেতৃত্বের দেওয়া কার্ডের মাধ্যমে। তবে ভোটের নির্বাচন বিধি থাকায় এদিন বিজেপি নেতৃত্বের কেউই সেইসব সমস্যা কিভাবে ও কবে সমাধান সম্ভব তার কিছুই বলেননি।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনোজ টিজ্ঞা জানান, “এবার বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে। তাই আমরা সোনার বাংলা গড়ার লক্ষে সাধারণ মানুষের কাছে গিয়ে এলাকায় এলাকায় কি সমস্যা রয়েছে তা তারা পোষ্ট কার্ডে লিখে আমাদের বাক্সে জমা করবেন। পোষ্ট কার্ডগুলো আমরা বাক্সবন্দি করে রাজ্য নেতৃত্বের কাছে পৌছে দেব। দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের যে পরামর্শ থাকবে তা গুরুত্ব দিয়ে দেখে কাজ করব। যাতে বিজেপি রাজ্যে সরকার গঠন করবার পর যাতে এইসব সমস্যা আর না থাকে।” তিনি আরও জানান, প্রথমদিনই সাধারণ মানুষ নিজের উৎসাহে স্বাচ্ছায় নিজের বাড়ি থেকে বেড়িয়ে এসে আমাদের কাছ থেকে পোষ্ট কার্ড সংগ্রহ করছেন। আবার তারা সেটা বাক্সে ফেলছেন।
”অন্যদিকে স্থানীয় এক গৃহবধূ দিপালী দাস ধর জানান, “আমরা এলাকায় শান্তিপূর্ণ ভাবে যাতে বসবাস করতে পারি এবং বেকারত্ব লাঘবের মত প্রস্তাব রেখেছি। আশা করছি রাজ্যে বিজেপি সরকার গঠন করলে আমাদের এইসব প্রস্তাবগুলো তারা গুরুত্ব সহকারে বিচার করবেন।” নির্বাচনের দিন ঘোষণা হলেও এখনও কোনও রাজনৈতিক দলই তাদের প্রার্থী ঘোষণা করেননি। স্বাভাবিকভাবেই এদিনের বিজেপির এই বাড়ি বাড়ি প্রচার যে বিজেপি কর্মীদের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে যেতে অনেকটাই সাহায্য করবে তা বলাই যায়।


