কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই:
জব কার্ডের কাজ চাইতে গিয়ে জুটলো মার। পঞ্চায়েত অফিসের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়ে স্থানীয় বিজেপি নেত্রীর চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত ওই বিজেপি নেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটালের ১ নম্বর অঞ্চলের সুলতানপুরের।
ওই অঞ্চলের বিজেপির উত্তর মণ্ডলের সভাপতির তারক বেরার অভিযোগ, বিজেপি করার অপরাধে জব কার্ড ধারীদের কাজ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত। বারবার বলা সত্ত্বেও কোনো আবেদন-নিবেদনে কর্ণপাত করেননি পঞ্চায়েতের কর্তারা। আরো অভিযোগ, বেনামে বিভিন্ন কাজ করিয়ে সরকারি টাকা আত্মসাৎ করা হচ্ছে।
সোমবার ওই এলাকার বিজেপি নেত্রী আলপনা মুখার্জি, জব কার্ডে ৫০ জনের কাজের ব্যাপারে পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলতে যান। কিন্তু কথা বলার পরিবর্তে শাসক দলের নেতা এবং কর্মীরা চড়াও হয়ে আলপনা মুখার্জিকে মারধর করে। বিজেপির অভিযোগ, মারধরের আগে পঞ্চায়েত অফিসের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। এরপর বছর চল্লিশের ওই বিজেপি নেত্রীকে চুলের মুঠি ধরে মাধর করা হয়। এমনকি তাঁকে লাথি মেরে ফেলে দেওয়া হয়।

এই ঘটনা বিজেপির পক্ষ থেকে পুলিশকে জানানো হলে, ঘাটাল থানার পুলিশ গিয়ে আলপনা দেবীকে উদ্ধার করে। তাঁকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

