চাকরি দেবার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে দম্পতিকে খুন, গ্রেফতার ইটাহারের বিজেপি নেতা

স্বরূপ দত্ত, উত্তর, দিনাজপুর, ১৪ মে: চাকরি দেবার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক দম্পতিকে খুন করার অভিযোগে উঠলো এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাঙ্গার এলাকায়। পুলিশসূত্রে জানা গিয়েছে নিহত ওই দম্পতির নাম গৌতম সরকার(৩৫) ও তার স্ত্রী তাপসী সরকার(৩০)। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।

পরিবারসূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাঙ্গার এলাকার বাসিন্দা গৌতম সরকার স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণ কমল অধিকারীকে দীর্ঘদিন আগে ১৮ লক্ষ টাকা দিয়েছিলেন চাকরি দেবে বলে। চলতি মাসের ৮ তারিখে গৌতম সরকার ও তার স্ত্রী তাপসী সরকার দুজনে সরকারি চাকরির প্রশিক্ষণ নিতে বাড়ি থেকে বের হন। কৃষ্ণকমলবাবু ৯ মে বাড়ি ফিরলেও ওই দম্পত্তির খোঁজ মেলেনি। তাদের মোবাইল সুইচড অফ ছিল বলে পরিবারের অভিযোগ। ১২ মে ওই বিজেপি নেতা কৃষ্ণকমলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাঙ্গার এলাকার বাসিন্দারা। এর পাশাপাশি কৃষ্ণগোপালের নাম দিয়ে ঘটনার বিবরন সহ ইটাহার থানায় লিখিত অভিযোগ করে দম্পতির আত্মীয়রা।

বৃহস্পতিবার বিকালে মালদা জেলার গাজোলের একটি বাড়ি থেকে ওই দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইটাহার থানা সুত্রে জানা গেছে, অভিযুক্ত কৃষ্ণকমলকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে ধৃত ব্যক্তি খুনের অভিযোগ অস্বীকার করেছে। এই সাথে আর কে কে যুক্ত আছে তা তদন্তে নেমেছে ইটাহার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *