“৪ মে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছে বিজেপি, এটাকে কেউ আটকাতে পারবে না” পুরুলিয়ায় হুঁশিয়ারি নিতিন গডকড়ীর

সাথী দাস, পুরুলিয়া, ৩ মার্চ: “৪ মে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছে বিজেপি। এটাকে কেউ আটকাতে পারবে না।” এই বক্তব্যেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী।
বুধবার, পুরুলিয়ার কোটশিলার জিউদারু হাই স্কুল ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। তিনি কটাক্ষ করে ভোটারদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচনের দিন সকাল সকাল গিয়ে পদ্মফুলে ভোট দিন। তাহলেই মমতা ব্যানার্জির এমন কারেন্ট লাগবে ২ ফুট উপরে উড়ে যাবে। তারপর বাংলায় উন্নয়নের বাতি সকলের ঘরে ঘরে জ্বলে উঠবে।” বক্তব্যের শেষ দিকে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, “বাংলায় ২ মে পরিবর্তন হবে। পদ্মফুল জিতবে। বিজেপি মেজরিটি পাবে। ৩ মে নেতা মনোনীত হয়ে যাবে। আর ৪ মে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছে বিজেপি। এটাকে কেউ আটকাতে পারবে না।”

এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই  গডকড়ী কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়নমূলক এবং জনমুখী প্রকল্পের প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন, “পশ্চিমবঙ্গে উন্নয়ন বলে কিছু হয়নি। বাংলার মানুষ আজ দুঃখিত, কৃষক মজদুর আজ দুঃখিত, বেকার সমস্যা বেড়ে চলেছে বাংলায়। তাই বাংলায় এবার পরিবর্তন দরকার। আমরা জাতি-ধর্ম-বর্ণের রাজনীতি করি না। আমরা দেশের মানুষের উন্নয়ন করতে চাই।” বিগত ৫০ বছরে বাংলায় যে উন্নয়ন হয়নি, ক্ষমতায় এলে ৫ বছরে বিজেপি তা করে দেখাবে।”

এদিন রাজ্য সরকারের উপর দায় চাপিয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী বলেন, “এখানে এক লক্ষ কোটি টাকার সড়ক নির্মাণের কাজ হচ্ছে। আরও কাজ হতে পারত। কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করায় সমস্যা হচ্ছে।” প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রশংসা করে তিনি বলেন, “তাঁর আমল থেকেই বিজেপি সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে সড়ক নির্মাণ করে এক দিগন্ত দেখায়।”

এদিনের জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, সাংসদ সুনীল মণ্ডল, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু ব্যানার্জি ও অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *