বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন চালু সহ ৯ দফা দাবিতে সুপারের কাছে স্মারকলিপি বিজেপির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২অক্টোবর: হাসপাতালে নবনির্মিত ভবন শীঘ্রই চালু, সুষ্ঠু পরিষেবা, পর্যাপ্ত ওষুধ, রোগী ও পরিবারের লোকজনদের প্রতি সহৃদয় ব্যবহার ইত্যাদির দাবিতে আজ বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বাঁকুড়া জেলা বিজেপির সহসভাপতি তথা বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানার নেতৃত্বে দুই শতাধিক কর্মী মিছিল করে এসে হাসপাতালে হাজির হন।সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে নিলাদ্রীবাবু বলেন, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে। দূর দূরান্তের বহু মানুষ এখানে চিকিৎসার আশায় আসেন। হাসপাতালে সবকিছুর ব্যবস্থা থাকলেও সুষ্ঠ পরিষেবা বহুক্ষেত্রেই ব্যাহত হয়। পর্যাপ্ত ওষুধের অভাবে রোগীর পরিবারকে হন্যে হয়ে ঘুরতে হয়, অনেক ক্ষেত্রেই হাসপাতালের কর্মীদের কাছে সুব্যবহারও পান না তারা। এছাড়া ও কেন্দ্রীয় সরকারের আর্থানুকূল্যে নির্মিত হাসপাতালের নূতন ভবন চালু হয়নি। অবিলম্বে নতুন ভবন চালু ও হাসপাতালে সুষ্ঠু পরিষেবার দাবি জানান তিনি। এরপরই এক প্রতিনিধি দল ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি হাসপাতাল সুপারের হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *