আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ মার্চ: মুর্শিদাবাদ জেলার কান্দিতে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল কান্দি পৌরসভার প্রশাসক তথা কান্দি বিধানসভার তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে কান্দি মহকুমা শাসক রবি আগরওয়ালের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন কান্দি টাউন বিজেপি নেতৃত্ব।
কান্দি পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে বর্জ্য পদার্থের জন্য বালতি দেওয়া হচ্ছে, যাতে মুখ্যমন্ত্রী ও পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ছবি ব্যবহার করা হচ্ছে যা নিয়ে নির্বাচন কমিশন কাছে অভিযোগ জানালো কান্দি টাউন বিজেপি নেতৃত্ব।

কান্দি টাউন বিজেপি সভানেত্রী বিনিতা রায় বলেন, নির্বাচনের দিন ঘোষণার পর থেকে আর কোনও সরকারি প্রচার করা যায় না। কিন্তু কান্দি পৌরসভার প্রশাসক তথা কান্দি বিধানসভার তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার তিনি নিজে ইচ্ছা করে দলীয় কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে বালতি দিয়ে আসছেন, যাতে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে তা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছি।
কান্দির তৃণমূল প্রার্থী অপুলূর্ব সরকার জানান, এটা মুখ্যমন্ত্রী ঘোষিত কর্মসূচি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার অনেক আগে থেকেই চলে আসছে।
যদিও কান্দির মহকুমা শাসক রবি আগরওয়াল এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাননি।

