পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ ফেব্রুয়ারি: নাগরিক পরিষেবার বন্ধা দশা ঘোঁচাতে, দুর্নীতি মুক্ত ও আধুনিক মানের পুর প্রশাসন গড়তে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির। শুক্রবার বিজেপির জেলা কার্যালয়ে জনগণের পরিষেবায় প্রায় ১৪ টি গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে আনেন জেলা বিজেপি নেতৃত্ব। পুরভোটের মুখে যেগুলিকে সামনে রেখেই তাদের নির্বাচনী প্রচার চলবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা। এদিন বিজেপির এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বাপি সরকার সহ অন্যান্য জেলা বিজেপি নেতৃত্বরা।
নির্বাচনী ইস্তেহার প্রকাশের আগে কিছুটা আক্ষেপের সুরে বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী বলেন, শহরের মানুষ জঞ্জাল আবর্জনা পরিস্কার নিয়ে ক্ষুব্ধ। যেখানেই যাচ্ছেন মানুষ ক্ষোভ প্রকাশ করছেন পুরসভার এই সাধারণ পরিষেবাটি নিয়ে। যাকেই তারা এই ইস্তেহারের প্রধান ইস্যু রেখেছেন। একইসাথে আত্রেয়ী সাফাই ও তার সৌন্দর্যায়ন, মাস্টার প্ল্যানে শহরের উন্নয়ন, ই-টেন্ডার ব্যবস্থা চালু করে টেন্ডার নিয়ে স্বচ্ছ ঠিকাদারী ব্যবস্থা কায়েম রাখা, পুরসভার অনলাইন পরিষেবা চালু, স্বল্প খরচে অ্যাম্বুলেন্স পরিষেবা, বয়স্কদের প্রাতঃভ্রমনের সুনির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণ, বেকার ছেলে-মেয়েদের কোচিং ব্যবস্থা চালু সহ মোট ১৪ টি শহরোন্নয়নের প্রস্তাব উল্লেখ করা হয়েছে বিজেপির এই ইস্তেহারে।
বিধায়ক অশোক লাহিড়ী বলেন, নাগরিক পরিষেবার বন্ধা দশা ঘোঁচানো, দুর্নীতি মুক্ত পুরসভা ও আধুনিক মানের প্রশাসন গড়তে বিজেপি বদ্ধপরিকর। আর সেই সবই তাদের ইস্তেহারে প্রকাশ করা হয়েছে।

