নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৮ মে:
ঘরছারাদের আশ্রয় দিতে কলকাতায় আরও বেশি করে ত্রাণ শিবির খোলার সিদ্ধান্ত বিজেপির। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার কর্মীদের নিয়ে এসেছেন যুব মোর্চার কর্মীরা। দিনরাত এক করে করোনা আবহে ঘরছাড়াদের খাবারের ব্যবস্থা করছেন বিজেপির যুব সংগঠনের কর্মীরা।
গতকালই রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় সমস্ত ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে হবে। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থাও করতে হবে বলে রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। ঘর ছাড়াদের সাহায্যে বিজেপি সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলোতে যুব মোর্চার সহ-সভাপতি তাপস ঘোষের ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে। ফোন আসা মাত্রই রাজ্য যুব মোর্চার সহ-সভাপতি মুরলিধর সেন লেনে নিয়ে যাচ্ছেন। তারপর রাজ্য নেতারাই ঠিক করছেন কোথায় ঘরছাড়াদের রাখা হবে।

এব্যাপারে রাজ্য সহ-সভাপতি বলেন, কলকাতায় বহু পরিবারকে দল আশ্রয় দিয়েছে। তবে সংখ্যাটা এই মুহূর্তে সংবাদমাধ্যমের কাছে বলা যাবে না। এমনকি কলকাতার কোথায় আশ্রয় দেওয়া হয়েছে তাও বলা যাবে না। আমরা যথাসাধ্য তৃণমূলের সন্ত্রাসের কবলে পড়া মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়ার চেষ্টা করছি বলে জানিয়েছেন তাপস ঘোষ।


