আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৪ এপ্রিল:
অশোকনগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের একাধিক ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, তাদের কাছে স্বীকারোক্তি অভিযুক্ত দুই বিজেপি কর্মীর।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ৯ নম্বর ওয়ার্ডের ভৈরব তলা সহ শেরপুর, পিএল ক্যাম্প এলাকায় তৃণমূলের একাধিক ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনায় বিজেপির দুই কর্মী স্বীকারোক্তি দিয়েছে তৃণমূল নেতাদের কাছে, এমনটাই বক্তব্য তৃণমূলের। এব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্ত দুই বিজেপি কর্মী চাংকি ঘোষ ও অমিত দাস। অমিত দাসের স্ত্রী জানিয়েছেন, গতকাল রাতে বন্ধুদের সাথে অমিত মৃতদেহ সৎকারে গিয়েছিল, হয়ত সঙ্গদোষে কিছু করে থাকতে পারে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজেপির প্রার্থী তনুজা চক্রবর্তী জানিয়েছেন, যদি বিজেপির দুই কর্মী স্বীকার করে থাকে তারা এই ধরনের কাজ করেছে তাহলে আইন আইনের পথে চলবে। পাশাপাশি তিনি জানান, কর্মীদের রাগ ক্ষোভ আছে কারণ অশোকনগরে বেশ কিছু জায়গায় বিজেপিকে ফ্ল্যাগ, ফেস্টুন লাগাতে দেওয়া হয়নি, তার জন্য তারা হয়ত রাগ অভিমানে করেছে। ঘটনায় অশোকনগর বাইপাস রোডে কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।

