আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর:
কেন্দ্রের বিজেপি সরকার দেশকে একটা ভয়াবহ অবস্থার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এতে আখেরে কেন্দ্রের শাসক দল বিজেপির লাভ হলেও দেশের বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এই প্রবণতা রোখার দায়িত্ব সকলের।
বৃহস্পতিবার মেদিনীপুরে বিদ্যাসাগর হলে সিপিআই এর ২৭ তম রাজ্য সম্মেলনে যোগ দিয়ে এভাবেই বিজেপিকে আক্রমন করলেন সিপিআই-এর সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজা। তিনি জানান, দেশের কোনো ক্ষেত্রই এখন আর পুরোপুরি সুরক্ষিত নয়। সর্বস্তরে চলছে শাসক শিবিরকে মেনে চলার পালা। যাঁরা এর অন্যথা করছেন তাঁদের উপর নেমে আসছে নানা রকমের খাঁড়া।

ইউপিএ শাসন ব্যবস্থায় কমিউনিস্ট মতাদর্শের সাহায্য নিয়ে যতদিন দেশ ছিল ততদিন উন্নতির পথে এগিয়েছিল। আর্থ সামাজিক অবস্থা থেকে কর্ম সংস্থান, আর্থিক সাম্যতা বজায় ছিল। তিনি প্রশ্ন তোলেন এখন আমরা কি দেখছি? বিভেদ, হিংসা, অন্যায়কে প্রশয় দেওয়া, বিত্তবানদের পুঁজির অঙ্ক বাড়তে থাকা।
আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক অতুল আনজান, পল্লব সেনগুপ্ত, রাজ্য সম্পাদক সন্তোষ ব্যানার্জি, জেলা সম্পাদক অশোক সেন। ৪১৪ জন প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে। তিনদিন ধরে সম্মেলন চলবে।

