আমাদের ভারত, ১৪ মে:
এই করোনা অতিমারীতে বহু পরিবার আর্থিক ভাবে বিপর্যস্ত। নিজের রাজ্যের সেইসব পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। প্রতি পরিবারকে মাসে ৫ হাজার টাকা পেনশন দেওয়ার কথা ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার। বৃহস্পতিবার শিবরাজ চৌহানের সরকার জানিয়েছে যে সমস্ত পরিবার দরিদ্র এবং কোভিড আক্রান্ত হয়ে বাবা-মা বা অভিভাবক মারা গিয়েছে এমন শিশুদের সাহায্য করবে তার সরকার।
বর্তমানে করোনার ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, করোনা অতিমারী বহু পরিবারকে টুকরো করে ফেলেছে। এমন অনেক পরিবার আছে যাদের অন্যতম উপার্জনশীল সদস্যকেই কেড়ে নিয়েছে করোনা। এমনকি বহু বয়স্ক মানুষ একা হয়ে গিয়েছেন, তাদের দেখার মত কেউ নেই। আবার কোথাও শিশুরা বাবা-মাকে হারিয়ে অনাথ হয়েছে। তাই সেই সব দিক বিচার করে ওই পরিবারগুলিকে প্রতিমাসে ৫০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সরকারি এই সাহায্য পেয়ে যাতে তারা বাঁচতে পারে সেই জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।
একইসঙ্গে চৌহান সরকার জানিয়েছে, যে সমস্ত শিশুরা এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে তাদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে তারা। যাতে সেইসব শিশুরা তাদের স্কুলের পড়াশোনা বন্ধ চালিয়ে যেতে পারে। এছাড়াও যেসব পরিবার বিনামূল্যে রেশনের আওতায় নেই কিন্তু করোনায় বিপর্যস্ত তাদেরও বিনামূল্যের রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।
এখানেই শেষ নয় অসহায় মহিলাদের জন্যেও সাহায্যের কথা জানিয়েছে বিজেপি পরিচালিত মধ্যপ্রদেশ সরকার। যেসব মহিলারা সংকটের মধ্যে পড়েছে তাদের সুদ ছাড়াই লোন দেবে সরকার। সেক্ষেত্রে সরকার গ্যারান্টার হিসেবে থাকবে। এর ফলে লোন নিয়ে মহিলারা নতুন করে ব্যবসা শুরু করতে পারবে।

