শোভন বান্ধবী বৈশাখীকে বিধানসভায় টিকিট না দেওয়ার সিদ্ধান্ত বিজেপির

রাজেন রায়, কলকাতা, ৯ মার্চ: বৈশাখীর থেকে বিজেপির কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ শোভন। এর আগেও শোভন বান্ধবী বৈশাখীকে দলে গুরুত্ব দিতে না চাওয়ায় বহুদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন শোভন চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত শোভনের স্বার্থে বৈশাখীকে দল মেনে নিতে বাধ্য হলেও আসন্ন বিধানসভা নির্বাচনে তাকে টিকিট দিতে নারাজ সঙ্ঘ নেতারা। শোভন চট্টোপাধ্যায় যেভাবে নিজের জনভিত্তি তৈরি করেছিলেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও সেই ভাবেই নিজের জনসমর্থন তৈরি করতে হবে এমনটাই দাবি বিজেপি নেতাদের। তাই তাদের আপত্তিতেই কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের ‘বিশেষ বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা ভোটে দলীয় প্রার্থী হিসেবে দাঁড় না করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই সিদ্ধান্তের কথা শোভন ও বৈশাখী দু’জনকেই জানিয়ে দেওয়া হয়েছে।

দলের শীর্ষ নেতৃত্বের এমন সিদ্ধান্তের কথা জানতে পেরে ফের ক্ষুব্ধ শোভন। যদিও ঘনিষ্ঠ মহলে বৈশাখী দাবি করেছেন, তিনি নিজেই ভোটে লড়ার জন্য আগ্রহ দেখাননি। ফলে দল টিকিট দিতে নারাজ, এমন খবরের কোনও সত্যতা নেই। এর প্রভাবে শোভন চট্টোপাধ্যায় আবার নিষ্ক্রিয় হয়ে যাবেন কি না সেই নিয়েও চিন্তা রয়েছে।

এর আগে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সেভাবে দলে গুরুত্ব না দেওয়ায় বেঁকে বসেছিলেন শোভন। তিনি বহুদিন ধরে দলে নিষ্ক্রিয় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বৈশাখীকে মেনে নেওয়ায় ভোটের আগে তিনি সক্রিয় হন। এবার বৈশাখীকে টিকিট না দেওয়া নিয়ে ফের কোনও জটিলতা তৈরি হবে কি না তা নিয়ে চিন্তায় বিজেপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *