আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৯ মার্চ: তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন তমলুক বিধানসভার বিজেপি প্রার্থী ডাঃ হরেকৃষ্ণ বেরা। আজ সকাল আটটা নাগাদ বর্গভীমা মন্দিরে এসে ডাঃ হরেকৃষ্ণ বেরা মায়ের কাছে পুজো দেন। পুষ্পাঞ্জলী দেন মায়ের পায়ে। মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন এবং মায়ের পুজোর ফুল নিয়ে শুরু করলেন আজকের প্রচার। এরপরে তিনি রাস্তা দিয়ে প্রচার করতে করতে আসেন তমলুকের রামকৃষ্ণ মিশনে। সেখানে গিয়ে ঠাকুরের আশীর্বাদ নেন এবং প্রার্থনা করেন। মঠের মহারাজদের সঙ্গে কথা বলে আশীর্বাদ চেয়ে নেন। এরপর তিনি চলে আসেন সোজা তমলুকের মহাপ্রভু মন্দিরে। সেখানে তিনি নাম কীর্তন করেন। মহাপ্রভু মন্দিরের সেবায়েত তাকে মালা পরিয়ে বরণ করে নেন এবং ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে বলেন এবং তার জয়ের কামনা করেন। ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করলেন ভোটের প্রচার।

সকাল থেকেই তার সঙ্গে ছিল বিজেপির তমলুক নগর মন্ডলের নেতৃত্ব ও কর্মীরা। এরপর তিনি চায়ে পে চর্চায় যোগদেন। তমলুক পৌরসভার পাশে চায়ের দোকানে তিনি সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে চা খাওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাধারণ মানুষের সঙ্গে এলাকার সমস্যা নিয়ে কথা বলেন।


