রাজেন রায়, কলকাতা, ২৫ সেপ্টেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের খ্যাতি বিশ্বজোড়া। অক্টোবরে বিশ্ব শান্তি সম্মেলনে রোমে আমন্ত্রণ জানানো হয়েছিল মমতাকে। কিন্তু তিনি সম্মতি দিলেও কাঁটা হয়ে দাঁড়াল ভারতীয় বিদেশ মন্ত্রক। আর এই নিয়েই ভবানীপুরে প্রচার সভা থেকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়কে রোম সফরে অনুমতি দেয়নি কেন্দ্র। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আসলে বিজেপির হিংসা হয়েছে। আমাকে ঈর্ষার জন্যই রোমে যেতে দিল না। তাঁকে যেতে না দিয়ে বেআইনি কাজ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, তাঁর এই সফরের সঙ্গে দেশের সম্মান জড়িত ছিল। বিভিন্ন দেশের বিশিষ্টজনদের সঙ্গে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল শান্তি সম্মেলনে। রোম থেকে বিশেষ অনুমতি পাওয়া গিয়েছিল। কিন্তু তা সত্বেও কেন্দ্রীয় সরকার তাঁকে অনুমতি দিল না। অথচ কেন্দ্রের লোকেরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন বলে কটাক্ষ করেন তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, নিজের ক্ষমতা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও পর্যন্ত ভারতে কো ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তা সত্বেও প্রধানমন্ত্রী মার্কিন সফরে চলে গেলেন। প্রধানমন্ত্রী বিশেষ অনুমতি নিয়ে কীভাবে মার্কিন সফরে গেলেন প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু ছাত্র-ছাত্রী শিল্পপতিরা কাজের জন্য বিদেশে যেতে পারছেন না। “আমি একজন হিন্দু মহিলা হওয়া সত্বেও আমাকে বার বার আটকে দেওয়া হয় কেন, “কেন্দ্রের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

