তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ বিজেপি

সাথী দাস, পুরুলিয়া, ২ মার্চ: বকেয়া বেতনের দাবিতে কর্ম বিরতি চলছে৷ তার জেরেই ব্যাহত হচ্ছে পুরুলিয়া পুর পরিষেবা৷ এক রকম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এবার সেই নিয়েই বিহিত চেয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হল বিজেপি। ঘটনা হল, পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন তিন মাস ধরে বকেয়া রয়েছে৷ অস্থায়ী কর্মীদের বকেয়া বেতনের দাবিতে কর্ম বিরতির পথে হেঁটেছেন তারা। ফলে শহরের জায়গায় জায়গায় পড়ে রয়েছে আবর্জনা। ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হল।

সমস্যা সমাধানের জন্য একাধিক বৈঠক হয়েছে। কিন্তু এখনও কোনো সমাধান সূত্র উঠে আসেনি। বরং কর্মী ছাঁটাইয়ের পথে যাচ্ছে পুর বোর্ড। এই জটিলতার কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ৷ কারণ শহরের পাড়ায় পাড়ায়, মেইন রোডের পাশে জঞ্জালে ভর্তি হয়ে উঠেছে। বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন, “এইভাবে আবর্জনা ছড়িয়ে থাকলে খুব শীঘ্রই শহরে মহামারি হয়ে যেতে পারে। এই পরিস্থিতি স্বাভাবিক না হলে আমরা আদালতের দ্বারস্থ হব।”

বিজেপির ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুললেন পুরুলিয়া পুরসভার পুর প্রধান নবেন্দু মাহালি। তিনি বলেন, বিজেপির বিরোধী দলনেতা সহ তিন জন কাউন্সিলর রয়েছেন তাঁদের ভূমিকা এক, আবার দলের কথা অন্য। বিজেপি যে গণতন্ত্রের বিরোধী তা নির্বাচিত বোর্ডকে অবমাননা করে কোর্টে যাওয়ার হুঁশিয়ারিই প্রমাণ করল।”

এদিন বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগে সরব হন পুর প্রধান। তিনি বলেন, “সাফাই ও জঞ্জাল বিভাগের কেন্দ্রের অর্থ আমরা পাই না। সাংসদ, বিধায়ক তাঁদের তহবিল থেকে তো দিতেই পারতেন? কৈ সেটা তো তাঁরা করেন না? আসলে রাজনীতি করতে হয় তাই করছে বিজেপি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *