নীল বণিক,আমাদের ভারত, কলকাতা। আরও ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার দিল্লি থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এই নিয়ে চার দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।
উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বেশ কয়েকটি আসনে তালিকা আজ ঘোষণা করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রার্থী করা হল বিখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে, তাঁকে আগে আলিপুরদুয়ারে প্রার্থী করা হয়েছিল। উত্তর দিনাজপুরের ইটাহারে প্রার্থী করা হলো অমিত কুমার কুন্ডুকে। করণদিঘির প্রার্থী সুভাষ সিংহ। উত্তর ২৪ পরগণার বাগদায় প্রার্থী করা হলো বিদায়ী বিধায়ক বিশ্বজিৎ দাসকে। গাইঘাটায় প্রার্থী সুব্রত ঠাকুর। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে। বনগাঁ উত্তরে প্রার্থী করা হয়েছে অশোক কীর্তনীয়াকে।
কলকাতায় তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। রাসবিহারী কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন সুব্রত সাহা। চৌরঙ্গীতে প্রার্থী হলেন হিন্দুনেতা সিংহবাহিনীর দেবদত্ত মাজি। চৌরঙ্গীতে আগে প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শিক্ষা মিত্রের নাম ঘোষণা করে বিজেপি। তাঁর নাম ঘোষণা হবার পর তিনি জানিয়ে দেন তিনি বিজেপিতে যোগদান করেননি। এরপরই শুরু হয় বিতর্ক। বাধ্য হয়ে তাঁর পরিবর্তে নতুন প্রার্থী দিল বিজেপি। কাশিপুর বেলগাছিয়ায় প্রার্থী হলেন শিবাজী সিংহ রায়।তিনি প্রাক্তন কংগ্রেস নেতা বছর দুয়েক আগে বিজেপিতে যোগদান করেছেন। দলে দিলীপ ঘোষ অনুগামী বলেই পরিচিত তিনি।
কালিম্পং এর প্রার্থী করা হয়েছে সুব্রত প্রধানকে। দার্জিলিংয়ের প্রার্থী বিধায়ক নিরজ তামাং জিম্বা। কার্শিয়াংয়ের প্রার্থী বিষ্ণু প্রসাদ শর্মা। মুর্শিদাবাদের বহরমপুরে প্রার্থী করা হয়েছে সুব্রত মৈত্রকে।

