আমাদের ভারত, ২০ মে:
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে দেশের কৃষকদের জন্য ১৯ হাজার কোটি টাকা কিছু দিন আগেই দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার কৃষক কল্যাণের কথা ভেবে আবারও একটি বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। সারের ভর্তুকি ১৪০ শতাংশ বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সারের ভর্তুকি বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে। এই বর্ধিত মূল্যের জন্য যাতে দেশের কৃষকরা কোনো ভাবেই প্রভাবিত না হয়ে তার জন্য এই পদক্ষেপ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, বর্ধিত দাম পুরোটাই কেন্দ্র বহন করবে। অর্থাৎ চাষিরা পুরনো দামেই তাদের সার কিনতে পারবেন। এর জন্য কেন্দ্র সরকারকে অতিরিক্ত ১৪ হাজার ৭৭৫ কোটি টাকা ভর্তুকি বাবদ খরচ করতে হবে।
গত বছর প্রতি বস্তা সার তথা ডাই অ্যামোনিয়াম ফসফেট এর বাজার মূল্য ছিল ১৭০০ টাকা। কেন্দ্র সেক্ষেত্রে বস্তাপ্রতি ৫০০ টাকা ভর্তুকি দেয়। সেই ভর্তুকির পরিমাণ বাড়িয়ে এবার বস্তা প্রতি ১২০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
সার তৈরির জন্য ফসফরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি প্রয়োজন হয়। আর আন্তর্জাতিক বাজারে সেগুলির দাম প্রায় ৬০-৭০ শতাংশ বেড়েছে। এর ফলে বস্তাপ্রতি সারের দাম ১৭০০ টাকা থেকে বেড়ে ২৪০০ টাকা হয়েছে। ফলে কেন্দ্রের বর্তমান ভর্তুকির পরিমাণ বাদ দিলে কৃষকদের ১৯০০ টাকায় এক বস্তা সার কিনতে হতো।
কিন্তু মোদী জানিয়েছেন, কৃষকদের ওপর আর কোনোরকম বোঝা চাপানো যাবে না। তাই বাজারের এই বর্ধিত মূল্য সরকার বহন করবে। আর এর ফলে বস্তা প্রতি বারোশো টাকাতেই সার কিনবে কৃষকরা।
প্রধানমন্ত্রীর সচিবালয়ের মত, এই সিদ্ধান্ত ঐতিহাসিক অতীতে কখনও কোনও কেন্দ্র সরকার সারে এত পরিমান ভর্তুকি দেয়নি। বর্তমানে করোনা ভাইরাসে কারণে চাষিরা এমনিতেই ধাক্কা খেয়েছে। তাই কৃষক কল্যাণে মোদী সরকার এই সিদ্ধান্ত নিল।

