রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ জানুয়ারি: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে শ্যামনগরের রাহুতার বাসিন্দা সুশীলা মন্ডল (৬৬) ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে তাকে কোভিড টেস্টের জন্য হাসপাতালের কোভিড ওয়ার্ডে আনা হলে সেখানে তার মৃত্যু ঘটে বলে অভিযোগ। এরপর রোগীর আত্মীয়রা হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে ভাঙ্গচুর চালায়। ভেঙ্গে ফেলা হয় কভিড কিটের সামগ্রীও। এই নিয়ে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপর ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার গাফিলতির কারণেই মারা যান সুশীলা দেবী। এই নিয়ে তারা প্রশাসনের কাছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করবেন বলে জানান। এদিন মৃতার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, “আজ সকালে আমাদের পেশেন্ট অনেক সুস্থ হয়ে উঠেছিল। তিনি হেঁটে বাথরুম যাতায়াত করছিলেন, কথা বলছিলেন। তার কোনও করোনা ছিল না হার্টের সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাও তাকে করোনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। আর তারপর ঐ করোনা বিভাগেই তার মৃত্যু হয়। কিন্তু করোনা পরীক্ষা করতে গিয়ে কারুর মৃত্যু হয় কি? হলে কেনো হলো কারন কি আমাদের সঠিক ভাবে জানানো হোক।” এদিন রোগীর আত্মীয়দের দাবি, এই হাসপাতালে চিকিৎসা কর্মীরা রোগীর পরিবারের সাথে খুব খারাপ ব্যবহার করে থাকে। তবে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *