হেরিটেজ শহর নবদ্বীপ ধামের রেল স্টেশনের সৌন্দর্যায়নের কাজ চলছে দ্রুত গতিতে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ মে: শ্রীচৈতন্যের জন্মভূমি এই নবদ্বীপ ধাম, বর্তমানে যা হেরিটেজ সিটির তকমা পেয়েছে। ভারতবর্ষ তথা গোটা বিশ্ব থেকে সারাবছরই কম বেশি পর্যটক ও তীর্থ যাত্রীদের সমাগম লেগেই থাকে এই শহরে।
আর এই শহরে যাতায়াতের অন্যতম ও প্রধান যোগাযোগের মাধ্যম রেল পরিষেবা।

নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন হলো পূর্ব রেল জোনের ব্যান্ডেল–কাটোয়া রেল শাখার একটি অন্যতম রেলওয়ে স্টেশন। নবদ্বীপ ধাম স্টেশনকে ইতিমধ্যেই মডেল স্টেশনে রূপান্তরিত করা হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে স্টেশনে আরেকটি নতুন আধুনিক ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ সহ অন্যান্য সৌন্দর্যায়নের কাজ চলছে দ্রুত গতিতে।

জানা গিয়েছে, আগামী তিন মাসের মধ্যেই এই ফুটওভার ব্রিজের কাজ শেষ হবে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নবদ্বীপ ধাম রেল স্টেশনে নতুন আধুনিক নির্মাণের এই রেলওয়ে ফুটওভার ব্রিজ। ইতিমধ্যেই স্টেশনে চালু রয়েছে চলমান সিঁড়ি। যাত্রীদের সুবিধার্থে চালু হতে চলেছে লিফট।

বাইরে থেকে আসা তীর্থ যাত্রী থেকে শুরু করে শহরবাসীর সুবিধার্থে আরেকটি নতুন ফুটওভার ব্রিজ তৈরি হচ্ছে। যার কাজ চলছে দ্রুত গতিতে। একের পর এক নতুন রূপে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে এই স্টেশনকে। খুশি শহরবাসী।

স্থানীয় বাসিন্দা সৌরভ সাহা জানান, “নবদ্বীপকে মডেল স্টেশন হিসেবে কিছুদিন আগে রেলমন্ত্রী ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীও নবদ্বীপ শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছেন। নবদ্বীপে আগে একটা ওভারব্রিজ ছিল আর একটা হওয়ায় যারা বাইরে থেকে আসে তাদেরও সুবিধা হবে, নবদ্বীপ বাসীরও সুবিধা হবে। বিগত দিনে মানুষের যাতায়াতের প্রচুর সমস্যা হত। এখন দুটো ওভারব্রিজ হয়েছে, এক্সিলেটর হয়েছে, লিফট হয়েছে। এতে আমরা খুবই আনন্দিত। এখন স্টেশনে গেলেও ভালো লাগে। এখানে কিছু মানুষের কর্মসংস্থান হবে। টোটো স্ট্যান্ড হবে একটা। মানুষ কিছু করে খাবে, মানুষ আসবে তাদের কোনো সমস্যা হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *