আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ মার্চ : পঞ্চম দফায় নির্বাচন উত্তর ২৪ পরগনা জেলার দমদম বিধানসভা কেন্দ্রে। ভোট ১৭ই এপ্রিল। এখন চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। বুধবার দুপুরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে তৃতীয় বারের জন্য দমদম কেন্দ্র থেকে নিজের মনোনয়নপত্র জমা দিলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু।
তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “লড়াইটা আসলে বিজেপির সঙ্গে নয়, লড়াইটা আসলে তৃণমূলের সঙ্গে বিক্ষুব্ধ তৃণমূলের। বিক্ষুব্ধ তৃণমূলের নেতাদের ওরা লোভ দেখিয়ে টোপ দিয়ে ভাঙিয়ে নিজেদের দলে নিয়েছে। যারা গেছে তারা উচ্চাকাঙ্খা থেকে দল পাল্টাচ্ছে, আরো বেশি চাহিদা জন্মালে মানুষ লোভে ভুল সিদ্ধান্ত নিয়ে দল পরিবর্তন করে, ওরাও তাই করছে।”
ব্রাত্য বসু দমদম থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে এসে মনোনয়ন পত্র জমা দিলেন। ব্রাত্য বসু এদিন বলেন, “দমদম কেন্দ্রে তৃণমূলের কোনও গোষ্ঠী কোন্দল নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আস্থা আছে।”

