আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ আগস্ট: বিবাহ বার্ষিকী মানে একটা বড় অনুষ্ঠান, অনেক বন্ধু বান্ধবদের আগমন। কিন্তু ঠিক এই চেনা ভাবধারার বাইরে গিয়ে সম্পূর্ণ অন্য ভাবে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের সাথে জীবনের ১২ তম বিবাহবার্ষকী উজ্জাপন করলেন ব্যারাকপুর নাপিত পাড়ার তপাদার দম্পতি। আর এই ভাবে বিবাহ বার্ষিকীর আনন্দ ভাগ করে নিলেন বাবা মা হারা সম্রাটবাবু ও তার স্ত্রী। মঙ্গলবার ব্যারাকপুরের বাসিন্দা সম্রাট তপাদার ও তার স্ত্রী চৈতালি তপাদার ও তাদের পুত্র তিন জনে মিলে ব্যারাকপুরের বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের বিবাহবার্ষিকীর কেক কাটেন ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে দুপুরের খাওয়া দাওয়া করে তাদের বিবাহ বার্ষিকীর দিনটি পালন করলেন। সেই সঙ্গে তারা এদিন আশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের হাতে তাদের প্রয়োজনীয় কিছু শুকনো খাবার তুলে দেন।

এদিন সম্রাট বাবু বলেন, “আমার বাবা মা অনেক দিন আগেই মারা গেছেন। আমি সারা বছর এদের কাছে আসি আমার মা বাবাকে খুঁজে পাই। আর তাই আজ এনাদের সাথেই আমাদের জীবনের আনন্দ ভাগ করে নিতে এসেছিলাম। সেই সঙ্গে এনাদের আশীর্বাদ পেয়ে মনে হল আমার নিজের বাবা মা আমাকে আশীর্বাদ করছেন।”

