সাথী দাস, পুরুলিয়া, ২ মার্চ: বিধানসভা নির্বাচনের মুখে ফের দাদার অনুগামী ব্যানার দেখা গেল পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায়। এদিন পুরুলিয়ার রঘুনাথপুর, কাশীপুর সহ জেলার বিভিন্ন জায়গায় দেখা যায় ‘দাদার অনুগামী’ ব্যানার। ব্যানারে লেখা রয়েছে “বাংলার ছেলেকে বাঙালিরা বাংলার সিংহাসনে দেখতে চায়।” এছাড়াও তাতে লেখা রয়েছে, “জঙ্গলমহলের ৬১টি আসনে দাদার অনুমোদিত প্রার্থী চাই।” নীচে লেখা “আমরা দাদার অনুগামী”। ব্যানারের একদিকে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি ও নরেন্দ্র মোদীর ছবি। অপরদিকে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি।

নির্বাচন আসন্ন, ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপির প্রার্থী ঘোষণা এখনও হয়নি। আর তার আগে শুভেন্দু অধিকারী নামাঙ্কিত দাদার অনুগামীদের এই ব্যানার অস্বস্তি বাড়িয়ে তুলেছে। যদিও এই নিয়ে বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেন, “এটা তৃণমূলের এবং পিকে টিমের চক্রান্ত। আমাদের মধ্যে কোন্দল বাধানোর চেষ্টা বিফল হবে।” শুভেন্দু ঘনিষ্ঠ গৌতম রায় জানান, “দাদার অনুগামী বলে কিছু নেই। দাদা, বিজেপির একজন সাধারণ কর্মী। এইভাবে চাঞ্চল্য ছড়াচ্ছে তৃণমূল।”
তৃণমূলের জেলা মুখপাত্র নবেন্দু বলেন, “এটা বিজেপির নতুন আর পুরনো কর্মীদের লড়াই। বিজেপির অভ্যন্তরের বিষয়। তৃণমূল কেন এটাতে জড়াবে।”


