শুভেন্দুর সঙ্গ ছাড়ার পুরস্কার চেয়ারম্যান পদ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ নভেম্বর: শুভেন্দু অধিকারীর কাছের লোক হয়েও তার সঙ্গে না গিয়ে দলের প্রতি আনুগত্য বজায় রাখার পুরস্কার পেলেন প্রদীপ পাত্র। শুভেন্দু তৃণমূল ছেড়ে গেলেও তিনি তৃণমূলের থেকে যাওয়ায় তাকে শুভেন্দুর জায়গাতেই অর্থাৎ বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের পদে বসানো হল। প্রদীপবাবু এতদিন ব্যাঙ্ক পরিচালন সমিতির সম্পাদক ছিলেন। শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ হলেও তিনি দল না ছেড়ে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে থেকে যান। এছাড়াও মোহনপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যও তিনি। ব্যাঙ্কের বোর্ড সদস্যরা সর্বসম্মত ভাবে প্রদীপবাবুকে চেয়ারম্যান নির্বাচিত করেন।

জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন, স্থায়ী চেয়ারম্যান না থাকায় ব্যাঙ্কের কাজ ঠিকভাবে হচ্ছিল না। রাজ্য নেতৃত্বের নির্দেশে তাই দীর্ঘদিন ব্যাঙ্কের সঙ্গে যুক্ত থাকা প্রদীপবাবুকে স্থায়ী চেয়ারম্যান করা হল। গত পাঁচ বছর ধরে তিনি ব্যাঙ্ক পরিচালন সমিতির স্থায়ী সদস্য ও সম্পাদক ছিলেন। গত সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক পরিচালন সমিতির ১৪ জন সদস্যই শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যান পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেইমতো শুভেন্দুকে পরিচালন সমিতি থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় তারই ঘনিষ্ঠ প্রদীপ পাত্রকে দলের পক্ষ থেকে দল না ছাড়ার জন্য এই পদ পুরস্কার স্বরূপ দেওয়া হল বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *