কৃষক স্পেশাল ট্রেনের শুভ সূচনা হল নদীয়া গেদে স্টেশন থেকে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ সেপ্টেম্বর:
কৃষকদের জন্য কৃষক স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিকভাবে শুভসূচনা হল গেদে স্টেশনে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে এই ট্রেন চালু হলো। কৃষক স্পেশাল হলেও সাধারণ মানুষও এই ট্রেনে উঠতে পারবে।

উল্লেখ্য গত কয়েক মাস আগে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ রেল দপ্তরে একটি চিঠি দিয়েছিলেন কৃষকদের জন্য স্পেশাল ট্রেন চালু করার দাবিতে। আজ তার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো ভারত–বাংলাদেশ সীমান্ত গেদে স্টেশন থেকে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান, কৃষকদের কথা চিন্তা করেই তাঁর এই উদ্যোগ। কারণ লোকাল ট্রেনে ভ্যান্ডার বগিতে করে এতদিন যাতায়াত করতে হতো জেলার বিভিন্ন প্রান্তের কৃষকদের। যার কারণে খুব সমস্যার মধ্যে মধ্যে পড়তেন কৃষকরা। স্থানীয় কৃষকদের পক্ষ থেকে সাংসদের কাছে এই দাবি জানানো হয়েছিল, এরপরে তিনি রেল দপ্তরে চিঠি করে এই ট্রেন চালুর অনুরোধ করেন। রেলের পক্ষ থেকে তার সাড়া মেলায় এখন তা বাস্তবায়িত হলো। রেল দপ্তরের কাছে তিনি কৃতজ্ঞ। কারণ কৃষকদের কথা মাথায় রেখেই রেল দপ্তর যে চিন্তাভাবনা করেছে তা খুবই প্রশংসনীয়।

এদিন কৃষক স্পেশাল ট্রেনের শুভ উদ্বোধনের অনুষ্ঠানে গেদে রেলস্টেশনে উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ অফিসার সুরেন্দ্র প্রতাপ সিং (ডি.আর.এম) সহ রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকার। রেল সূত্রে খবর, আজ আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলেও কয়েকদিনের মধ্যেই এই কৃষক স্পেশাল ট্রেন পুরোপুরি চালু হবে।

দিনে একটা ট্রেন ছাড়বে সকাল আটটা দশ মিনিটে। অন্যান্য গাড়ির ভেন্ডার কম্পার্টমেন্টের সংখ্যার চেয়ে দুটো কম্পার্টমেন্ট বেশি থাকবে। এই ট্রেনে চারটে ভেন্ডার কম্পার্টমেন্ট একসাথে থাকবে। এর আগে শান্তিপুর থেকেও কৃষক স্পেশাল ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছিল, আজ থেকে তা নিয়মিত চলতে শুরু করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *