তৃণমূল নেতা নেপাল সাহা খুনের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে কান্দির রাজনীতিতে

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ ডিসেম্বর: শুক্রবার সন্ধ্যায় কান্দি থানার অন্তর্গত দুর্গাপুর এলাকায় কয়েকজন দুষ্কৃতীর হাতে খুন হন নেপাল সাহা নামে এক তৃণমূল নেতা। আর এই খুনের ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ওঠে কান্দির রাজনীতিতে।

জানা গিয়েছে, তৃণমূল নেতা নেপাল সাহা কান্দি থানার দুর্গাপুর এলাকার রেশন ডিলার ছিলেন। তিনি শুক্রবার রাতে রেশন দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন, ঠিক তখনই কয়েক জন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে নেপাল সাহার শরীরের একাধিক জায়গা ক্ষত বিক্ষত হয়। শুক্রবার রাতে কান্দি থানার পুলিশ নেপাল সাহার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার নেপাল সাহার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নেপাল সাহার খুনের পর শোকে পাথর আত্মীয়-স্বজন থেকে শুরু করে চেনা-পরিচিত সকলেই। নেপাল সাহার পরিবারে বর্তমানে রয়েছে তাঁর দুই ছেলে ও স্ত্রী, তারা সকলেয় মর্মাহত।

এই খুনের ঘটনায় গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলছে কংগ্রেস ও বিজেপি। যদিও গোষ্ঠী কোন্দলের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে শাসক দলের রাজনৈতিক নেতার খুনের ঘটনায় কোনও রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে আছে, না কি কোনও ব্যক্তিগত আক্রোশের জন্য এই খুন তা এখনও অধরা। শনিবার সকাল থেকে কান্দি থানার দুর্গাপুর এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং কান্দি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *