পুরুলিয়ায় আত্মসমর্পণকারী প্রাক্তন মাওবাদীদের হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র

সাথী দাস, পুরুলিয়া, ২ আগস্ট: রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো পুরুলিয়ায় পুলিশ দফতরে চাকরি পেল মোট ১৯ জন মাওবাদী। এদের মধ্যে ৪ জন রয়েছেন মহিলা। আজ বিকেলে পুরুলিয়া জেলা শাসকের দফতরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এদের হাতে নিয়োগপত্র তুলে দেন পুরুলিয়ার উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরুলিয়ার এই অনুষ্ঠানটিকে কলকাতার মুখ্যমন্ত্রীর মূল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করা হয়।

নিয়োগ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, যাদের হোম গার্ডে এই নিয়োগ করা হল তারা আগামী কাল থেকে ৪২ দিনের জন্য ট্রেনিংয়ে যাবে। যারা নিয়োগ পেলেন তারা অনেকেই সক্রিয় মাওবাদী যেমন ছিলেন তেমনই বেশ কিছু লিঙ্কম্যানও রয়েছেন।

উল্লেখ্য, এখনও পর্যন্ত পুরুলিয়া জেলায় মোট ২০৬ জন মাওবাদীকে হোমগার্ড পদে চাকরি দেওয়া হয়েছে। অনেকেই নিজেদের মাওবাদী দাবি করে চাকরি চাইছেন। পুলিশ সুপার বলেন, এদের নিয়ে সঠিক তথ্য যাচাই করে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে। তারপর রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো কাজ করা হবে। এদিন নিয়োগ পত্র পেয়ে স্পষ্টতই খুশি প্রাক্তন মাওবাদীরা। তবে এনিয়ে তারা মুখ খুলতে চাননি তেমন ভাবে।

“মাওবাদী সপ্তাহে” রাজ্য সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী মাওবাদীদের প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ হল আজ। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা থেকে পুরুলিয়ার ১৯ জন প্রাক্তন মাওবাদী সহ ঝাড়গ্রামের ৮০ জন, পশ্চিম মেদিনীপুরের ১১০, বাঁকুড়ার ১১ জন সহ মোট ২২০ জন আত্মসমর্পণকারী প্রাক্তন মাওবাদীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।

সেই মতো আজ সকাল থেকেই পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রাক্তন মাওবাদীদের মেডিক্যাল পরীক্ষা করা হয়। আজ বিকেলে পুরুলিয়ার জেলাশাসকের দফতর থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভায় অংশ গ্রহণ করেন প্রাক্তন মাওবাদীরা। ভার্চুয়ালি সভার শেষে জেলাশাসক রাহুল মজুমদার, পুলিশ সুপার এস সেলভামুরুগন, অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত আত্মসমর্পণকারী প্রাক্তন মাওবাদীদের চাকরির নিয়োগপত্র তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *