তৃণমূল প্রার্থীর হয়ে বনগাঁয় প্রচারের ঘোষণা নির্দল প্রার্থীর

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ১৮ ফেব্রুয়ারি: নিজের প্রার্থী পদ থেকে সরে দাঁড়িয়ে তৃণমূলের হয়ে প্রচারে নামলেন নির্দল প্রার্থী তরুণ সরকার। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের।

সম্প্রতি রাজ্য স্তর থেকে নির্দেশ আসে যারা নির্দলে দাঁড়িয়েছে, তারা তাদের প্রার্থী পদ তুলে না নিলে দল থেকে বহিস্কার করা হবে। সেই মতোই শুক্রবার বাগদার বিধায়কের মধ্যস্ততায় নির্দল থেকে প্রার্থী তুলে নিয়ে তৃণমূলের হয়ে ভোট প্রচারে নামার সিদ্ধান্ত নিলেন নির্দল প্রার্থী তরুণ সরকার। এদিন দুপুরে বনগাঁর বাটার মোড় সংলগ্ন এলাকায় বিধায়ক বিশ্বজিৎ দাসের অফিসে বসে দুই প্রার্থী মিষ্টিমুখ করে। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস ও বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রশাসক গোপাল শেঠ সহ স্থানীয় নির্দল ও তৃণমূল নেতৃত্ব।

তরুণবাবু বলেন, দীর্ঘ দিন ধরে তৃণমূলের হয়ে কাজ করে আসছি। তৃণমূল নেতৃত্বদের আশ্বাস ছিল আমাকে দলের প্রার্থী করা হবে। কিন্তু শেষ পর্যন্ত আমি টিকিট না পেয়ে হতাস হয়ে ক্ষোভে নির্দলে দাঁড়িয়ে ছিলাম। এছাড়া ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুরজিৎ দাস আমার ভাইপো। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি ছিল, মিটে গিয়েছে। আমি সুরজিতের হয়ে হ্যান্ডবিল ছড়িয়ে প্রচার করব।

পাশাপাশি সুরজিতবাবু বলেন, তরুণবাবু আমার কাকার মত। সমস্যা ছিল৷ সেটা মিটে গিয়েছে। প্রসঙ্গত, তরুণ সরকার ২০১০ সালে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে ২১ নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেছিল। পরে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *