করোনা পরিস্থিতিতে এক হাজার ক্ষুধার্ত মানুষকে খাওয়ালো অনিতা সেন মজুমদার ফাউন্ডেশন

আমাদের ভারত, ২১ জুলাই:
করোনা পরিস্থিতিতে বহু মানুষের অর্থনৈতিক অবস্থা তলানিতে ঠেকেছে। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর দুবেলা দুমুঠো ভাতের জোগাড়ে নাভিশ্বাস উঠেছে। এই রকম এক হাজার মানুষের ক্ষুধা নিবারণে নরনারায়ণ সেবা করল অনিতা সেন মজুমদার ফাউন্ডেশন।

আজ দক্ষিণেশ্বর আদ্যাপীঠের সহোযোগিতায় এক হাজার ক্ষুধার্ত মানুষকে তৃপ্তি করে খাওয়ানোর ব্যবস্থা করল অনিতা সেন মজুমদার ফাউন্ডেশন। করোনা পরিস্থিতিতে বহু গরিব মানুষের দুবেলা দুমুঠো অন্ন জুটছে না। সেই সব মানুষের কথা ভেবেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের প্রাণপুরুষ আমেরিকা নিবাসী যুধাজিৎ সেন মজুমদার। তিনি জানান, অনিতা সেন মজুমদার ফাউন্ডেশনের মাধ্যমে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী বাঙালিরা।

প্রাকৃতিক দুর্যোগে কবলে পড়া কয়েক হাজার পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা করছেন তারা। আমফান হোক বা ইয়াস ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন অঞ্চলে তারা মানুষের জন্য খাবার, পানীয় জল, ত্রিপল পাঠিয়েছেন।
এছাড়াও লক ডাউন পরিস্থিতিতে রান্না করা খাবার অসহায় মানুষের হাতে তুলে দিয়েছে অনিতা সেন মজুমদার ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *