ঠাকুরপুকুর থানার মধ্যেই বিজেপি তারকা প্রার্থী পায়েল সরকারকে হেনস্তার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ এপ্রিল: থানার মধ্যেই হেনস্তার শিকার বিজেপি প্রার্থী পায়েল সরকার। রবিবার কলকাতার ঠাকুরপুকুর থানায় বিজেপির তারকা প্রার্থীকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। রাজ্যের শাসক দলের কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার।

আজ ছুটির দিনে ঠাকুরপুকুর এলাকায় প্রচারে বেড়িয়েছিলেন অভিনেত্রী পায়েল সরকার। তাঁর প্রচারের সময় তৃণমূল কর্মীদের সঙ্গে ঠাকুরপুকুর এলাকায় কথা কাটাকাটি হয় বিজেপি কর্মীদের। বিজেপির প্রচারে বাধা দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। আর এই অভিযোগ জানাতে পায়েল সরকার সহ বিজেপি কর্মী সমর্থকরা ঠাকুরপুকুর থানায় আসেন। সেই সময় থানার মধ্যে থাকা তৃণমূল কর্মী সর্মথকরা পায়েল সরকারের গায়ে হাত দিয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। দূর থেকে জুতো ছোড়া হয়েছে বলেও অভিযোগ তাঁর। পুরো বিষয়টি নিয়ে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার।

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জি। তিনি বলেন, ঠাকুরপুকুরে তৃণমূল কর্মীদের উপর প্রথম হামলা করেছে বিজেপি। মিথ্যে অভিযোগ তুলে প্রচার পাওয়ার চেষ্টা করছেন পায়েল সরকার। এমন মিথ্যে অভিযোগ করে ভোটে জেতা যাবে না বলেও বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেছেন রত্না চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *