স্কুল খোলার দাবিতে গোপীবল্লভপুরে পদযাত্রা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ জানুয়ারি:
করোনার অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে কোনও মতেই আর পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। সরকারিভাবে অবিলম্বে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে দেওয়ার দাবিতে শুক্রবার গোপীবল্লভপুরের পথে নামলেন এলাকার ছাত্র, শিক্ষক, অভিভাবকরা।

এদিন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ব্যানারে গোপীবল্লভপুর বাজারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সরব হন পড়ুয়া অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, যেভাবে করোনা অতিমারির মধ্যে দোকানপাট, হাটবাজার, শপিং মল হচ্ছে সেভাবেই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে সরকার দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিক।

ছাত্র, শিক্ষক, অভিভাবকদের মিছিল গোপীবল্লভপুর বাজার পরিক্রমা করে শেষে হাতিবাড়ি মোড়ে একটি পথসভা হয়।

পড়ুয়াদের মধ্যে সায়ন জানা জানায়, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে ঘরে একলা থেকে খুবই খারাপ লাগছে। তাই স্কুল খুললে পড়াশোনা যেমন হবে তেমন বন্ধুদের সাথে ক্লাস করে মজাও হবে। পাশাপাশি অভিভাবক মনিকা প্রধান বলেন, স্কুল বন্ধ থাকার কারণে সাধারণ বাড়ির ছাত্রছাত্রীদের পড়াশোনা যেমন নষ্ট হচ্ছে তেমন বহু নাবালিকার বিয়ে হয়ে যাচ্ছে অল্প বয়সে, প্রচুর ছাত্র পড়াশোনা ছেড়ে অন্য কাজে যোগ দিচ্ছে। তাই সরকারের দ্রুত স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *